শিখন কৌশল (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান | Shikhon Koushol Long Question Answer | Class 12 Semester 4th Education

শিখন কৌশল (দ্বিতীয় অধ্যায়) সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (মান ২)
১। সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো।
সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য
১। প্রস্তুতি (Preparation): সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে প্রাণীর প্রস্তুতি থাকা প্রয়োজন। তাই স্কিনারের পরীক্ষায় প্রথম দু-দিন ইঁদুরটিকে বাক্সের মধ্যে রেখে পরীক্ষামূলক পরিস্থিতির সঙ্গে পরিচিত করানো হয়েছিল।
২। সক্রিয়তা (Activeness): সক্রিয় অনুবর্তনে প্রাণীর আত্মসক্রিয়তা অত্যন্ত প্রয়োজন। প্রাণী নিজে সক্রিয়ভাবে আচরণ না করলে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যথাযথ সংযোগ গড়ে ওঠে না।
৩। শক্তিদায়ক উদ্দীপক (Reinforcement): সক্রিয় অনুবর্তনে শক্তিদায়ক উদ্দীপকের বিশেষ গুরুত্ব রয়েছে। এগুলি তিন ধরনের— ধনাত্মক (Positive Reinforcement): ক্ষুধার্ত ইঁদুরের কাছে খাদ্য ধনাত্মক শক্তিদায়ী উদ্দীপক। ঋণাত্মক (Negative Reinforcement): পরীক্ষায় অকৃতকার্য হওয়া এই ধরনের উদ্দীপক। শাস্তিদায়ক (Punisher): কাউকে দৈহিক শাস্তি দেওয়া।
৪। আচরণের হ্রাস বা বিলোপসাধন (Extinction): ধনাত্মক উদ্দীপকের পরিবর্তে ঋণাত্মক উদ্দীপক উপস্থাপন করলে আচরণের শক্তি ধীরে ধীরে কমে যায় বা আচরণের বিলোপ ঘটে। যেমন, লিভারে চাপ দেওয়ার পর খাদ্য না পাওয়া গেলে ইঁদুরটি ধীরে ধীরে ওই আচরণ করা বন্ধ করে দেয়।
৫। আচরণের স্বতঃস্ফূর্ততা (Spontaneous Behaviour): সক্রিয় অনুবর্তনে প্রাণীর স্বতঃস্ফূর্ত আচরণ প্রয়োজন। প্রাণী নিজের প্রয়োজন বা চাহিদা পূরণের জন্য স্বতঃস্ফূর্তভাবে যে আচরণ করে, তার মাধ্যমেই সক্রিয় অনুবর্তন ঘটে।
৬। স্বতঃস্ফূর্ত পুনরাবির্ভাব (Spontaneous Recovery): আচরণের শক্তি অবলুপ্ত হওয়ার পর কিছুদিন ওই আচরণ বন্ধ রাখা হয়। পরে প্রাণীকে আবার একই পরিস্থিতিতে এনে দু-একবার শক্তিদায়ক উদ্দীপক দেওয়া হলে তার মধ্যে আগের আচরণটি স্বতঃস্ফূর্তভাবে আবার দেখা দিতে পারে।
৭। বিন্যাসকরণ বা আকৃতিদান (Shaping): কাঙ্ক্ষিত আচরণ সম্পাদনের জন্য প্রাণীকে ধীরে ধীরে বিভিন্ন আচরণের শৃঙ্খলের মধ্য দিয়ে পরিচালিত করা হলে তার আচরণের একটি নির্দিষ্ট আকৃতি তৈরি হয়। এক্ষেত্রে তিনটি নীতি হল—সামান্যীকরণ, খণ্ডাংশের ধারাবাহিক শৃঙ্খল গঠন ও প্রতিযোগী স্বভাব।
৮। স্থায়ী প্রক্রিয়া: সক্রিয় অনুবর্তনে প্রাণী নিজে সক্রিয় থাকে এবং স্বতঃস্ফূর্ত আচরণ করে। তাই এই প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত শিখন তুলনামূলকভাবে স্থায়ী হয়।
শিক্ষাক্ষেত্রে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন তত্ত্বের ভূমিকা
১। প্রস্তুতি: শিশুর যেকোনো ধরনের শিখনের জন্য প্রস্তুতি প্রয়োজন। তাই শিক্ষক এমন শ্রেণিকক্ষের পরিবেশ তৈরি করবেন, যাতে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত আচরণ করতে এবং বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাতে পারে।
২। বিশ্লেষণ: শিক্ষক শিখনের বিষয়বস্তু ও উপাদানগুলিকে যথাযথভাবে বিশ্লেষণ করবেন। এর ফলে শিক্ষার্থীদের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা করা সম্ভব হয়।
৩। সহজ থেকে জটিল: শিক্ষার্থীদের শিখনকে সহজ ও কার্যকর করার জন্য বিষয়বস্তু সহজ থেকে জটিল ক্রমে সাজানো প্রয়োজন।
৪। গণিত, বানান, শব্দ ও সমস্যাসমাধান: গণিত, বানান, শব্দ এবং বিভিন্ন সমস্যাসমাধানের মতো বিষয় শেখানোর ক্ষেত্রে অপারেন্ট অনুবর্তন তত্ত্ব প্রয়োগ করা যায়।
৫। শক্তিদায়ক উদ্দীপকের ব্যবহার: শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে প্রয়োজন অনুযায়ী শিক্ষক শক্তিদায়ক উদ্দীপক ব্যবহার করবেন।
৬। ধারাবাহিকতা: শক্তিদায়ক উদ্দীপক ব্যবহারের ক্ষেত্রে ধারাবাহিকতা থাকা প্রয়োজন। এর ফলে শিক্ষার্থী প্রয়োজনের অতিরিক্ত প্রতিক্রিয়াগুলি ধীরে ধীরে দূর করতে পারে।
৭। শিক্ষার্থীর সক্রিয়তা: অপারেন্ট অনুবর্তনে শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ততা ও সক্রিয়তা প্রয়োজন। শিক্ষক এমন পরিবেশ তৈরি করবেন, যাতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এতে শিখন প্রক্রিয়া সহজ ও অর্থপূর্ণ হয়।
৮। সু-অভ্যাস গঠন: শিক্ষার্থীদের মধ্যে সু-অভ্যাস গঠন শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। অপারেন্ট অনুবর্তনের সাহায্যে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সু-অভ্যাস গড়ে তোলা যায়।
৯। ব্যক্তিত্বের বিকাশ: শিক্ষার্থীদের ব্যক্তিত্বের বিভিন্ন বৈশিষ্ট্যের বিকাশ ঘটাতেও অনুবর্তন তত্ত্বের প্রয়োগ করা প্রয়োজন।
❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার প্রয়োজনীয় সাজেশন
- ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
- ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
- ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
- ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
- ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
১০। গতি বৃদ্ধি: শিক্ষার্থীদের শিখনের গতি বাড়ানোর ক্ষেত্রেও অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রয়োগ করা যায়।
সুতরাং, বি. এফ. স্কিনারের অপারেন্ট অনুবর্তন তত্ত্বের মাধ্যমে শিশুর তথা শিক্ষার্থীর শিখন প্রক্রিয়াকে অনেক বেশি বিজ্ঞানসম্মত করে তোলা সম্ভব।
২। থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে যেকোনো দুটি মূলসূত্রের গুরুত্ব আলোচনা করো।
থর্নডাইকের শিখনের মুখ্য সূত্র
১। প্রস্তুতির সূত্র (Law of Readiness): থর্নডাইক শিখনের ক্ষেত্রে ব্যক্তির দৈহিক প্রস্তুতির উপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, উদ্দীপক ও তার উপযোগী প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যক্তি প্রস্তুত থাকলে সংযোগ স্থাপনের সুযোগ পেয়ে সে তৃপ্তিবোধ করে। কিন্তু ব্যক্তি প্রস্তুত না থাকা অবস্থায় জোর করে সংযোগ স্থাপন করানো হলে তার মধ্যে বিরক্তি সৃষ্টি হয়। তাই সংযোগ স্থাপনের আগে ব্যক্তির দৈহিক প্রস্তুতি থাকা প্রয়োজন।
২। অনুশীলনের সূত্র (Law of Exercise): থর্নডাইক উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে বারবার অনুশীলন বা চর্চার উপর গুরুত্ব দিয়েছেন। এই সূত্রকে দুটি ভাগে ভাগ করা যায়— ক) ব্যবহারের সূত্র (Law of Use): উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের পর যদি বারবার অনুশীলন করা হয়, তাহলে সেই সংযোগের শক্তি বৃদ্ধি পায় এবং শিখন আরও দৃঢ় হয়। খ) অব্যবহারের সূত্র (Law of Disuse): উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের পর দীর্ঘদিন অনুশীলন না করলে সেই সংযোগের শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।
৩। ফললাভের সূত্র (Law of Effect): উদ্দীপক (S) ও প্রতিক্রিয়া (R)-এর মধ্যে স্থাপিত সংযোগের ফল যদি শিক্ষার্থীর কাছে সুখকর বা আনন্দদায়ক হয়, তাহলে সেই সংযোগ শক্তিশালী হয় এবং S-R বন্ধন দৃঢ় হয়। অন্যদিকে, সংযোগের ফল যদি অতৃপ্তিকর বা বিরক্তিকর হয়, তাহলে S-R বন্ধন দুর্বল হয়ে পড়ে।
শিক্ষাক্ষেত্রে দুটি মূলসূত্রের গুরুত্ব
প্রস্তুতি সূত্রের তাৎপর্য
১। পাঠদানে সফলতা: শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা দৈহিক ও মানসিকভাবে শিক্ষাগ্রহণের জন্য প্রস্তুত না থাকলে পাঠদানের উদ্দেশ্য সফল হয় না।
২। অমনোযোগিতা দূর করা: প্রস্তুতির অভাবে শিক্ষার্থীরা অনেক সময় শ্রেণিকক্ষে অমনোযোগী হয়ে পড়ে। এই অবস্থায় শিক্ষক-শিক্ষিকারা বিভিন্ন উপায় অবলম্বন করে তাদের শিক্ষাগ্রহণের প্রতি মনোযোগী করতে পারেন।
৩। আদর্শের দ্বারা শিক্ষা: প্রয়োজনে শিক্ষক-শিক্ষিকারা নীতি, আদর্শ ও মূল্যবোধের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণের জন্য প্রস্তুত করে তুলতে পারেন।
ফললাভের সূত্রের তাৎপর্য
১। বিষয়বস্তু আয়ত্তকরণ: শিক্ষক এমনভাবে পাঠ্য বিষয় নির্বাচন ও উপস্থাপন করবেন, যাতে তা শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক ক্ষমতার আয়ত্তের মধ্যে থাকে।
২। সহজ থেকে কঠিন বিষয়ে পাঠদান: শিক্ষক-শিক্ষিকারা পাঠক্রমকে সহজ থেকে কঠিন ক্রমানুসারে সাজিয়ে পড়াবেন।
৩। আংশিক থেকে সমগ্র বিষয়ে পাঠদান: দীর্ঘ পাঠকে ছোটো ছোটো অংশে ভাগ করে উপস্থাপন করলে শিক্ষার্থীদের পক্ষে বিষয়টি আয়ত্ত করা সহজ হয়।
৪। পুরস্কৃত করা: মাঝে মাঝে প্রশংসা, পুরস্কার ও তিরস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা যায়।
HS Class 12
সেমিস্টার প্রস্তুতি
WhatsApp গ্রুপ৫। শিক্ষাসহায়ক উপকরণের ব্যবহার: বিভিন্ন শিক্ষাসহায়ক উপকরণ ও আকর্ষণীয় শিক্ষাপদ্ধতির সাহায্যে পাঠদান করলে শিক্ষার্থীদের শিখন আরও কার্যকর হয়।
৬। বিষয়বস্তুর বৈচিত্র্য: শিক্ষণীয় বিষয়বস্তু বৈচিত্র্যময় হওয়া প্রয়োজন। এতে শিক্ষার্থীদের একঘেয়েমি দূর হয়।
৭। তৃপ্তিদায়ক: শিক্ষক-শিক্ষিকারা শিক্ষণীয় বিষয়কে শিক্ষার্থীদের কাছে বৈচিত্র্যপূর্ণভাবে উপস্থাপন করবেন, যাতে বিষয়বস্তু ও শিখনের ফল তাদের কাছে তৃপ্তিকর হয়।
৩। অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো? অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
অন্তর্দৃষ্টিমূলক শিখন
গেস্টাল্টবাদীদের মতে, শিখনের ক্ষেত্রে পৃথক্করণ ও সামান্যীকরণ—এই দুটি মানসিক প্রক্রিয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। অপ্রাসঙ্গিক বৈশিষ্ট্যগুলি বাদ দিয়ে প্রাসঙ্গিক ও সাধারণ বৈশিষ্ট্যগুলিকে পৃথক করে নেওয়ার প্রক্রিয়াকে পৃথক্করণ বলে। এরপর প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলিকে নিয়ে একটি সামান্যধর্মী সূত্র গঠন করা হয়। প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলির সামান্যীকরণের ফলে প্রাণী সমস্যার সামগ্রিক রূপটি প্রত্যক্ষণ করতে পারে। সমস্যামূলক পরিস্থিতিতে হঠাৎ প্রত্যক্ষণকে মনোবিদদের ভাষায় অন্তর্দৃষ্টি বলা হয় এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে যে শিখন ঘটে তাকে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলে।
অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য
১। সামগ্রিকভাবে সমস্যা প্রত্যক্ষণ: অন্তর্দৃষ্টিমূলক শিখনের প্রধান বৈশিষ্ট্য হল সমস্যাকে সামগ্রিকভাবে প্রত্যক্ষণ করা। শিক্ষার্থী সমস্যাসমাধানের জন্য সমস্যাটিকে সামগ্রিকভাবে দেখতে চেষ্টা করে।
২। পৃথক্করণ ও সামান্যীকরণ: প্রাসঙ্গিক অংশগুলিকে বেছে নেওয়ার প্রক্রিয়াকে পৃথক্করণ বলে। এরপর ওই প্রাসঙ্গিক অংশগুলির মধ্যে একটি সাধারণ সূত্র নির্ণয় করাকে সামান্যীকরণ বলে। এই দুটিই অন্তর্দৃষ্টিমূলক শিখনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
৩। সমস্যার স্বরূপ উপলব্ধিকরণ: পৃথক্করণ ও সামান্যীকরণের পর শিক্ষার্থী সমস্যাটির প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে।
৪। পারস্পরিক সম্পর্ক নির্ণয়: সমস্যার স্বরূপ উপলব্ধি করার পর শিক্ষার্থী সমস্যার প্রাসঙ্গিক অংশগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারে।
৫। হঠাৎ সমস্যার সমাধান: যখন শিক্ষার্থীর কাছে সমস্যার স্বরূপ পরিষ্কার হয়ে যায় এবং সমস্যার বিভিন্ন প্রাসঙ্গিক অংশের মধ্যে পারস্পরিক সম্পর্ক সে বুঝতে পারে, তখন হঠাৎ করেই সমস্যাটির সমাধান করে ফেলে।
৬। অন্তর্দৃষ্টি জাগরণ: সমস্যামূলক পরিস্থিতিতে হঠাৎ প্রত্যক্ষণকে গেস্টাল্ট মনোবিদরা অন্তর্দৃষ্টি বলেছেন। তাঁদের মতে, অন্তর্দৃষ্টি জাগ্রত না হলে শিখন সম্ভব নয়। তাই অন্তর্দৃষ্টি জাগ্রত হওয়া এই শিখনের একটি প্রধান বৈশিষ্ট্য।
৭। মানসিক ক্ষমতা: অন্তর্দৃষ্টিমূলক শিখন যান্ত্রিক নয়। এটি বুদ্ধি, চিন্তন, যুক্তিকরণ ইত্যাদি মানসিক ক্ষমতার উপর নির্ভর করে। তাই উন্নত ক্ষমতাসম্পন্ন প্রাণী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে এই শিখন বেশি কার্যকর।
৮। প্রত্যক্ষণ: অন্তর্দৃষ্টিমূলক শিখনের ক্ষেত্রে প্রত্যক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রাণীর প্রত্যক্ষণ না হলে শিখন সম্ভব হয় না। তাই সমস্যামূলক পরিস্থিতিকে যথাযথভাবে প্রত্যক্ষণ করা প্রয়োজন।
৯। সমস্যাসমাধানের ইঙ্গিত ও সংগতিবিধানের ক্ষমতার বিকাশ: অন্তর্দৃষ্টি জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থী সমস্যাসমাধানের ইঙ্গিত পায়। একইসঙ্গে তার সংগতিবিধানের ক্ষমতার বিকাশ ঘটে এবং সে সমস্যার সমাধান করতে পারে।
১০। একক হিসেবে প্রত্যক্ষণ: সমস্যার অংশবিশেষের পরিবর্তে সমস্যাকে একটি সম্পূর্ণ বা একক বিষয় হিসেবে প্রত্যক্ষণ করা প্রয়োজন।
৪। শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কী? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো।
স্কিনার বক্স
স্কিনার তাঁর পরীক্ষার জন্য যান্ত্রিক কৌশলে একটি বিশেষ বাক্স তৈরি করেছিলেন, যাকে স্কিনার বক্স বলা হয়। এই বাক্সে একটি সরল যান্ত্রিক ব্যবস্থা থাকে এবং বৈদ্যুতিক-যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে প্রাণীর আচরণ রেকর্ড করা যায়। বাক্সের মধ্যে একটি বোতাম বা লিভার থাকে। প্রাণী লিভারে চাপ দিলে সামনে থাকা ট্রেতে খাদ্য এসে পড়ে। এই যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে প্রাণীর আচরণ সঠিকভাবে পর্যবেক্ষণ ও রেকর্ড করা যায়।
স্কিনারের পরীক্ষা
মনোবিদ স্কিনার সক্রিয় অনুবর্তন বা Operant Conditioning-এর পরীক্ষা পরিচালনার জন্য স্কিনার বক্স, একটি ক্ষুধার্ত ইঁদুর এবং খাদ্যবস্তু ব্যবহার করেন।
পরীক্ষার পর্যায়
প্রথম পর্যায়: প্রথমে স্কিনার একটি ক্ষুধার্ত ইঁদুরকে তাঁর তৈরি স্কিনার বক্সের মধ্যে ঢুকিয়ে দেন। বক্সের ট্রেতে আগে থেকেই খাবার রাখা ছিল। ইঁদুরটি খাবার গ্রহণ করে এবং এর মাধ্যমে পরীক্ষামূলক পরিস্থিতির সঙ্গে পরিচিত হয়।
দ্বিতীয় পর্যায়: অন্য একদিন ইঁদুরটিকে স্কিনার বক্সে ঢোকানোর পর স্কিনার নিজেই লিভারে চাপ দেন। এর ফলে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে ট্রেতে খাদ্য এসে পড়ে। এই পর্যায়ে ইঁদুরের কোনো প্রচেষ্টা ছিল না। এর মাধ্যমে ইঁদুরকে বক্সের পরিস্থিতির সঙ্গে আরও পরিচিত করা হয়।
তৃতীয় পর্যায়: আর একদিন ক্ষুধার্ত ইঁদুরটিকে বক্সে ঢোকানো হলে সে খাবার খাওয়ার জন্য ট্রের দিকে ছুটে যায়। কিন্তু ট্রেতে খাবার না থাকায় সে খাদ্য সংগ্রহ করতে পারে না। খাদ্য পাওয়ার জন্য ইঁদুরটি বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ামূলক আচরণ করতে থাকে। এই সময় হঠাৎ তার পা লিভারে পড়ে যায় এবং ট্রেতে খাদ্য এসে পড়ে। ইঁদুরটি সেই খাদ্য গ্রহণ করে।
চতুর্থ পর্যায়: এই পর্যায়ে স্কিনার পরীক্ষাটির পুনরাবৃত্তি করেন। তিনি লক্ষ্য করেন, পুনরাবৃত্তির সঙ্গে সঙ্গে ইঁদুরের লিভারে চাপ দিয়ে খাদ্য পাওয়ার জন্য প্রয়োজনীয় সময় ক্রমশ কমতে থাকে। অবশেষে এমন সময় আসে যখন ইঁদুরটিকে বক্সে ঢোকানো মাত্র সে লিভারে চাপ দিয়ে ট্রেতে খাদ্য নিয়ে আসে এবং খাদ্য গ্রহণ করে। এইভাবে ইঁদুরটি খাদ্য পাওয়ার কৌশলটি আয়ত্ত করে।
সিদ্ধান্ত
পরীক্ষা ও পর্যবেক্ষণের ভিত্তিতে স্কিনার সিদ্ধান্তে আসেন যে প্রাণীর আচরণ দুই ধরনের—রেসপনডেন্ট ও অপারেন্ট।
রেসপনডেন্ট: যে আচরণগুলি কোনো বিশেষ বস্তুধর্মী উদ্দীপক, যেমন খাদ্য দ্বারা সৃষ্টি হয়, তাকে রেসপনডেন্ট আচরণ বলে। এক্ষেত্রে খাদ্য সম্পর্কে ইঁদুরের পূর্বজ্ঞান থাকে।
অপারেন্ট: ইঁদুরের এমন কিছু আচরণ দেখা যায়, যেগুলি কোনো বস্তুধর্মী উদ্দীপকের সাহায্যে ঘটে না। কারণ পরীক্ষা চলাকালীন ইঁদুরটি কোনো খাবার দেখতে পায় না। এই আচরণ প্রত্যাশামূলক উদ্দীপকের কারণে ঘটে। স্কিনার এই ধরনের আচরণকে অপারেন্ট আচরণ বলেছেন।
৬। প্রাচীন অনুবর্তন বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো।
প্রাচীন অনুবর্তন
রাশিয়ান শারীরতত্ত্ববিদ আইভান প্যাভলভের (Ivan Pavlov) মতে, প্রাণীর স্বাভাবিক উদ্দীপকের উপস্থিতিতে বা কৃত্রিম উদ্দীপকের মাধ্যমে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে প্রাচীন অনুবর্তন বলে।
শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের প্রয়োগ বা গুরুত্ব
১। ভাষা বিকাশে: শিশুর ভাষা শেখানোর সময় একটি বিশেষ বস্তুর সঙ্গে একটি বিশেষ শব্দের সংযোগ ঘটানো হয়। যেমন, কোনো বিশেষ মহিলাকে দেখিয়ে বারবার ‘মা’ শব্দটি উচ্চারণ করলে শিশু অনুবর্তনের মাধ্যমে ‘মা’ শব্দটি শিখে ফেলে।
২। আদর্শ অভ্যাস গঠন: শিশুর মধ্যে সু-অভ্যাস গড়ে তুলতে অনুবর্তন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। যেমন—সকালে ঘুম থেকে ওঠা, দাঁত মাজা ইত্যাদি অভ্যাস গড়ে তোলা।
৩। খারাপ অভ্যাস দূর করা: বানান ভুল, গালাগালি প্রভৃতি কু-অভ্যাস দূর করার ক্ষেত্রেও অনুবর্তন পদ্ধতি কার্যকর।
৪। শিখন দক্ষতা বৃদ্ধি: লেখা, পড়া, অঙ্ক কষা প্রভৃতি কাজে শিশুর শিখন দক্ষতা বাড়ানোর জন্য অনুবর্তন পদ্ধতি ব্যবহার করা যায়।
৫। শিক্ষক-শিক্ষিকার আচরণের প্রভাব: শিক্ষক-শিক্ষিকার আচার-আচরণ, বিভিন্ন অভ্যাস ও কথা বলার ধরন শিক্ষার্থীদের আচরণের উপর প্রভাব ফেলে এবং সেগুলি শিক্ষার্থীদের মধ্যে অনুবর্তিত হতে পারে।
৬। প্রাক্ষোভিক বিকাশে: শিশুর জীবনে প্রক্ষোভমূলক বিকাশ ঘটানোর ক্ষেত্রে অনুবর্তন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ।
৭। আগ্রহ বা অনাগ্রহ সৃষ্টি: অনুবর্তনের মাধ্যমে শিশুর মধ্যে কোনো বিষয় সম্পর্কে আগ্রহ বা অনাগ্রহ সৃষ্টি হতে পারে। অনেক ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকার প্রতি শিশুর ভালোবাসা তিনি যে বিষয় পড়ান, সেই বিষয়ের প্রতিও অনুরূপ আগ্রহ সৃষ্টি করে।
৮। পুনরাবৃত্তিমূলক শিখনে: ছোটো শিশুদের নতুন ছড়া শেখানো, নামতা মুখস্থ করানো এবং বানান শেখানোর মতো কাজে প্রাচীন অনুবর্তনের প্রভাব রয়েছে।
৯। ইতিবাচক মানসিকতার সৃষ্টি ও মানসিক রোগের উপশম: কোনো বিষয়ে ইতিবাচক চিন্তা গড়ে তুলতে এবং মানসিক রোগের চিকিৎসায়ও এই কৌশল সাহায্য করে।
৭। প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো।
| বিষয় | প্রাচীন অনুবর্তন তত্ত্ব | অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব |
| প্রবক্তা: | এই তত্ত্বের প্রবক্তা শারীরতত্ত্ববিদ আইভান প্যাভলভ। | এই তত্ত্বের প্রবক্তা আমেরিকান মনোবিজ্ঞানী বি. এফ. স্কিনার। |
| স্নায়ুতন্ত্র: | প্রতিক্রিয়া মূলত প্রাণীর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। | প্রতিক্রিয়া প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। |
| উপাদান: | এই ধরনের অনুবর্তনে দুটি উদ্দীপককে একটি জোড়া হিসেবে বিবেচনা করা হয় এবং তাদের উপস্থিতির উপর গুরুত্ব দেওয়া হয়। | এক্ষেত্রে একটি প্রতিক্রিয়া ও একটি উদ্দীপককে জোড়া হিসেবে ধরা হয়। এখানে প্রতিক্রিয়া (R) বেশি প্রাধান্য পায় বলে একে R-Type বলা হয়। |
| প্রতিক্রিয়ার প্রকৃতি: | এক্ষেত্রে অনুবর্তিত প্রতিক্রিয়া প্রত্যাশামূলক। ঘণ্টাধ্বনির সঙ্গে অনুবর্তিত প্রতিক্রিয়া এখানে নির্দেশমূলক। প্রাণী খাদ্যের প্রত্যাশা করে। | অনুবর্তিত প্রতিক্রিয়া এখানে নির্দেশমূলক। |
| প্রতিক্রিয়ার সংখ্যা: | একটি উদ্দীপকের পরিপ্রেক্ষিতে কেবলমাত্র একটি প্রতিক্রিয়াকে বিবেচনা করা হয়। | পর্যায়ক্রমে একটি উদ্দীপকের পরিপ্রেক্ষিতে অনেকগুলি প্রতিক্রিয়ার কথা বিবেচনা করা হয়। তাদের মধ্যে একটি হল স্থায়ী প্রতিক্রিয়া। |
| শক্তিদায়ক উদ্দীপক: | প্রাচীন অনুবর্তনে শক্তিদায়ক উদ্দীপক অনুবর্তন ঘটার আগে উপস্থাপন করা হয়। | অপারেন্ট অনুবর্তনে যথাযথ প্রতিক্রিয়া সৃষ্টি হলে শক্তিদায়ক উদ্দীপক উপস্থাপন করা হয়। |
| অনুবর্তনের ভিত্তি: | এই অনুবর্তন উদ্দীপকপ্রধান, তাই একে S-Type অনুবর্তন বলা হয়। | এই অনুবর্তন প্রতিক্রিয়ানির্ভর। তাই একে R-Type অনুবর্তন বলা হয়। |
| প্রতিক্রিয়ার শক্তি: | অনুবর্তিত প্রতিক্রিয়ার শক্তি প্রাথমিক অবস্থায় শূন্য থাকে। | এক্ষেত্রে অনুবর্তিত প্রতিক্রিয়ার শক্তি কখনোই শূন্য হয় না। |
| S-R বন্ধন: | এই অনুবর্তনে উদ্দীপক-প্রতিক্রিয়ার সংযোগ তাদের সামর্থ্যের দ্বারা নির্ধারিত হয়। | এই অনুবর্তনে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ ফলাফলের দ্বারা নির্ধারিত হয়। |
৮। বান্দুরার সামাজিক শিক্ষাতত্ত্বটি বিস্তারিত আলোচনা করো।
অথবা, সমাজ-প্রজ্ঞামূলক শিখনতত্ত্বে বান্দুরার ভাবনা ও শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো।
ভূমিকা
মনোবিজ্ঞানী আলবার্ট বান্দুরা (Albert Bandura) শিখনের ক্ষেত্রে শুধু প্রত্যক্ষ অভিজ্ঞতা বা পুরস্কার-শাস্তির উপর গুরুত্ব দেননি। তাঁর মতে, মানুষ অন্যের আচরণ দেখে, লক্ষ্য করে এবং অনুকরণ করে অনেক কিছু শিখতে পারে। অর্থাৎ, ব্যক্তির শিখন তার সামাজিক পরিবেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এই ধারণার উপর ভিত্তি করেই বান্দুরা সামাজিক শিক্ষাতত্ত্ব বা সমাজ-প্রজ্ঞামূলক শিখনতত্ত্ব গড়ে তোলেন।
সামাজিক শিক্ষাতত্ত্বের মূল বক্তব্য
বান্দুরার মতে, মানুষ তার চারপাশের ব্যক্তিদের আচরণ পর্যবেক্ষণ করে এবং সেই আচরণের ফলাফল দেখে নতুন আচরণ শিখতে পারে। এই শিখনের জন্য প্রত্যেকটি আচরণ নিজে করে দেখা বা সরাসরি পুরস্কার পাওয়া আবশ্যক নয়।
যেমন—একজন শিক্ষার্থী তার সহপাঠীকে ভালো কাজের জন্য শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে প্রশংসা পেতে দেখলে, সে নিজেও সেই আচরণ করার জন্য উৎসাহিত হতে পারে। এক্ষেত্রে শিক্ষার্থী অন্যের আচরণ এবং তার ফলাফল পর্যবেক্ষণ করে শিখছে।
বান্দুরার সামাজিক শিক্ষাতত্ত্বের প্রধান ধারণা
১। পর্যবেক্ষণের মাধ্যমে শিখন: সামাজিক শিক্ষাতত্ত্বের প্রধান ভিত্তি হল পর্যবেক্ষণমূলক শিখন। ব্যক্তি অন্যের আচরণ মনোযোগ দিয়ে দেখে এবং সেই আচরণ থেকে শিক্ষা লাভ করে।
২। মডেল বা আদর্শ ব্যক্তির ভূমিকা: যে ব্যক্তির আচরণ অন্যরা পর্যবেক্ষণ করে এবং অনুসরণ করে, তাকে মডেল বলা হয়। বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা, বন্ধু, সহপাঠী প্রভৃতি শিশুর কাছে মডেল হিসেবে কাজ করতে পারে।
৩। অনুকরণ: পর্যবেক্ষণের পরে ব্যক্তি মডেলের আচরণ অনুসরণ করার চেষ্টা করে। এই প্রক্রিয়াকে অনুকরণ বলা হয়। শিশুর আচরণ গঠনে অনুকরণের বিশেষ গুরুত্ব রয়েছে।
৪। পরোক্ষ শক্তিদান: বান্দুরার তত্ত্বে পরোক্ষ শক্তিদান (Vicarious Reinforcement)-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যক্তি নিজে পুরস্কার না পেলেও অন্য কাউকে পুরস্কৃত হতে দেখে সেই আচরণ করতে আগ্রহী হতে পারে। আবার অন্যকে শাস্তি পেতে দেখলে সে সেই আচরণ থেকে বিরত থাকতে পারে।
৫। জ্ঞানীয় প্রক্রিয়ার গুরুত্ব: বান্দুরা মনে করেন, শিখন কেবলমাত্র উদ্দীপক ও প্রতিক্রিয়ার যান্ত্রিক সংযোগের ফল নয়। ব্যক্তির মনোযোগ, স্মরণ, চিন্তা, বিচার ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে তাঁর তত্ত্বকে সমাজ-প্রজ্ঞামূলক শিখনতত্ত্বও বলা হয়।
৬। প্রত্যাশা: কোনো আচরণ করার আগে ব্যক্তি সেই আচরণের সম্ভাব্য ফলাফল সম্পর্কে একটি প্রত্যাশা তৈরি করে। যদি সে মনে করে আচরণের ফলে ভালো ফল পাওয়া যাবে, তাহলে সেই আচরণ করার সম্ভাবনা বৃদ্ধি পায়।
৭। আত্ম-দক্ষতা: বান্দুরার তত্ত্বে আত্ম-দক্ষতা (Self-efficacy) একটি গুরুত্বপূর্ণ ধারণা। কোনো কাজ নিজের পক্ষে সফলভাবে করা সম্ভব—এই বিশ্বাসকে আত্ম-দক্ষতা বলা হয়। শিক্ষার্থীর নিজের ক্ষমতার উপর বিশ্বাস থাকলে সে কঠিন কাজেও আগ্রহের সঙ্গে চেষ্টা করতে পারে।
পর্যবেক্ষণমূলক শিখনের ধাপ
১। মনোযোগ (Attention): প্রথমে শিক্ষার্থীকে মডেলের আচরণের প্রতি মনোযোগ দিতে হয়। মনোযোগ ছাড়া পর্যবেক্ষণের মাধ্যমে যথাযথ শিখন সম্ভব নয়।
২। সংরক্ষণ বা স্মরণ (Retention): পর্যবেক্ষণের মাধ্যমে দেখা আচরণকে শিক্ষার্থী মনে সংরক্ষণ করে রাখে। পরবর্তীকালে প্রয়োজন হলে সেই আচরণটি স্মরণ করতে পারে।
৩। পুনরুৎপাদন (Reproduction): শুধু আচরণটি মনে রাখলেই শিখন সম্পূর্ণ হয় না। শিক্ষার্থীকে সেই আচরণটি বাস্তবে করার ক্ষমতা অর্জন করতে হয়।
৪। প্রেরণা (Motivation): শিক্ষার্থী কেন সেই আচরণ করবে, তার জন্য প্রেরণা প্রয়োজন। আচরণের ফলে পুরস্কার বা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকলে সেই আচরণ করার আগ্রহ বৃদ্ধি পায়।
বান্দুরার পরীক্ষার উল্লেখ
বান্দুরা শিশুদের আচরণে পর্যবেক্ষণ ও অনুকরণের প্রভাব বোঝানোর জন্য বোবো ডল পরীক্ষার মাধ্যমে দেখান যে শিশুরা অন্যের আচরণ পর্যবেক্ষণ করে সেই আচরণ অনুকরণ করতে পারে। বিশেষ করে কোনো মডেলের আক্রমণাত্মক আচরণ দেখার পর শিশুর মধ্যেও অনুরূপ আচরণ দেখা যেতে পারে। এর মাধ্যমে পর্যবেক্ষণ ও অনুকরণের মাধ্যমে শিখনের গুরুত্ব স্পষ্ট হয়।
শিক্ষাক্ষেত্রে বান্দুরার সামাজিক শিক্ষাতত্ত্বের গুরুত্ব
১। শিক্ষক আদর্শ বা মডেল হিসেবে: শিক্ষার্থীরা শিক্ষক-শিক্ষিকার আচরণ অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করে। তাই শিক্ষকের কথা বলা, আচরণ, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে অনুকরণের মাধ্যমে গড়ে উঠতে পারে।
২। সু-অভ্যাস গঠন: শিক্ষার্থীদের মধ্যে সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, সহযোগিতা ইত্যাদি সু-অভ্যাস গড়ে তুলতে ভালো মডেলের ব্যবহার করা যায়।
৩। সহপাঠীর ভূমিকা: শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের কাছ থেকেও অনেক কিছু শেখে। তাই শ্রেণিকক্ষে ভালো আচরণকারী শিক্ষার্থীদের মডেল হিসেবে ব্যবহার করলে অন্য শিক্ষার্থীরাও সেই আচরণ অনুসরণ করতে পারে।
৪। পরোক্ষ শক্তিদানের ব্যবহার: একজন শিক্ষার্থী ভালো কাজের জন্য পুরস্কৃত বা প্রশংসিত হলে অন্য শিক্ষার্থীরাও সেই আচরণ করতে উৎসাহিত হতে পারে। ফলে প্রত্যেক শিক্ষার্থীকে সরাসরি পুরস্কৃত না করেও কাঙ্ক্ষিত আচরণ গড়ে তোলা সম্ভব।
৫। আত্মবিশ্বাস বৃদ্ধি: শিক্ষার্থীর নিজের ক্ষমতার উপর বিশ্বাস বা আত্ম-দক্ষতা বৃদ্ধি করা শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক সহজ কাজ থেকে শুরু করে ধীরে ধীরে কঠিন কাজের সুযোগ দিলে শিক্ষার্থীর আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।
৬। নৈতিক ও সামাজিক আচরণের বিকাশ: শিক্ষার্থীরা অন্যের আচরণ পর্যবেক্ষণ করে সহযোগিতা, সহমর্মিতা, দায়িত্ববোধ, সৌজন্যবোধ ও নৈতিক আচরণ শিখতে পারে। তাই সামাজিক মূল্যবোধ গঠনে এই তত্ত্বের গুরুত্ব রয়েছে।
৭। শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সক্রিয়তা: শিক্ষার্থীদের পর্যবেক্ষণ, আলোচনা, দলগত কাজ ও বাস্তব কাজের সুযোগ দিলে তারা অন্যের কাছ থেকে শেখার সুযোগ পায়। এতে শিখন আরও কার্যকর হয়।
৮। শিক্ষণ-পদ্ধতিতে মডেলের ব্যবহার: কোনো কাজ কীভাবে করতে হয়, তা শুধু মৌখিকভাবে বোঝানোর পরিবর্তে শিক্ষক নিজে করে দেখাতে পারেন। শিক্ষার্থীরা তা পর্যবেক্ষণ করে পরে নিজেরা কাজটি করার চেষ্টা করতে পারে।
৯। খারাপ আচরণ নিয়ন্ত্রণ: শিক্ষার্থীরা যেমন ভালো আচরণ অনুকরণ করে, তেমনই খারাপ আচরণও অনুকরণ করতে পারে। তাই বিদ্যালয় ও শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে উপযুক্ত আচরণের মডেল উপস্থাপন করা প্রয়োজন।
১০। শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ: পর্যবেক্ষণ, অনুকরণ, আত্ম-দক্ষতা এবং সামাজিক পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিভিন্ন দিকের বিকাশ ঘটানো সম্ভব।
উপসংহার
সুতরাং, বান্দুরার সামাজিক শিক্ষাতত্ত্বে শিখনের ক্ষেত্রে পর্যবেক্ষণ, অনুকরণ, মডেল, পরোক্ষ শক্তিদান এবং জ্ঞানীয় প্রক্রিয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা শুধু নিজের অভিজ্ঞতা থেকে নয়, অন্যের আচরণ পর্যবেক্ষণ করেও অনেক কিছু শিখতে পারে। তাই শিক্ষাক্ষেত্রে শিক্ষক, সহপাঠী ও বিদ্যালয়ের পরিবেশকে উপযুক্ত মডেল হিসেবে গড়ে তোলা হলে শিক্ষার্থীদের শিখন ও আচরণ গঠনে এই তত্ত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আরো পড়ুন : শিখন (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর
৯। ব্রুনারের উদ্ভাবনমূলক শিখন তত্ত্বে শিখনের জ্ঞানমূলক চিন্তাধারার কীভাবে বিকাশ ঘটে? এই প্রসঙ্গে ব্রুনারের তত্ত্বের শিক্ষাগত নিহিতার্থ আলোচনা করো।
ভূমিকা
আমেরিকান মনোবিজ্ঞানী জেরোম এস. ব্রুনার (Jerome S. Bruner) শিখনকে একটি সক্রিয় ও জ্ঞানমূলক প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, শিক্ষার্থী কেবল শিক্ষকের কাছ থেকে তথ্য গ্রহণ করে না; বরং নিজের অভিজ্ঞতা, চিন্তা, পর্যবেক্ষণ ও যুক্তির সাহায্যে বিভিন্ন তথ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে নতুন জ্ঞান আবিষ্কার করে। এইভাবে নিজে অনুসন্ধান করে বা আবিষ্কার করে যে শিখন ঘটে, তাকে উদ্ভাবনমূলক বা আবিষ্কারমূলক শিখন (Discovery Learning) বলা হয়।
ব্রুনারের উদ্ভাবনমূলক শিখন তত্ত্ব
ব্রুনারের মতে, শিখনের মূল উদ্দেশ্য শুধু তথ্য মুখস্থ করা নয়, বরং শিক্ষার্থীর মধ্যে জ্ঞানমূলক চিন্তা, সমস্যা সমাধান এবং নতুন বিষয় আবিষ্কারের ক্ষমতা গড়ে তোলা। শিক্ষার্থী যখন কোনো সমস্যার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে, তথ্যগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং নিজের যুক্তির সাহায্যে সমাধানে পৌঁছায়, তখন তার জ্ঞানমূলক চিন্তার বিকাশ ঘটে।
শিখনের জ্ঞানমূলক চিন্তাধারার বিকাশ
১। তথ্য সংগ্রহ: প্রথমে শিক্ষার্থী বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। শিক্ষক এখানে সরাসরি উত্তর না দিয়ে প্রয়োজনীয় তথ্য ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেন।
২। পর্যবেক্ষণ: শিক্ষার্থী বিভিন্ন বিষয় বা ঘটনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণের মাধ্যমে সে বিষয়গুলির বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করে।
৩। শ্রেণিবিন্যাস: সংগৃহীত তথ্যগুলিকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়। এর ফলে শিক্ষার্থীর মধ্যে বিষয়গুলিকে পৃথক করে দেখার ক্ষমতা তৈরি হয়।
৪। সম্পর্ক স্থাপন: শিক্ষার্থী বিভিন্ন তথ্য ও ধারণার মধ্যে সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করে। এর ফলে তার যুক্তি ও চিন্তাশক্তির বিকাশ ঘটে।
৫। সাধারণ সূত্র আবিষ্কার: বিভিন্ন বিশেষ ঘটনা বা তথ্যের মধ্যে মিল খুঁজে শিক্ষার্থী একটি সাধারণ সূত্র বা নীতি আবিষ্কার করতে পারে।
৬। সমস্যা সমাধান: উদ্ভাবনমূলক শিখনের মাধ্যমে শিক্ষার্থী নিজে সমস্যার কারণ খুঁজে বের করে এবং যুক্তির সাহায্যে তার সমাধান করার চেষ্টা করে। এতে সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পায়।
৭। অনুমান ও যাচাই: শিক্ষার্থী কোনো সমস্যার সম্ভাব্য সমাধান সম্পর্কে অনুমান করে এবং পরে তা পরীক্ষা করে দেখে। এই প্রক্রিয়ায় তার বিচারবুদ্ধি ও যুক্তিশক্তির বিকাশ ঘটে।
৮। অন্তর্দৃষ্টি ও সৃজনশীল চিন্তা: নিজে অনুসন্ধান করে নতুন কিছু আবিষ্কার করার ফলে শিক্ষার্থীর মধ্যে সৃজনশীলতা ও স্বাধীন চিন্তার বিকাশ ঘটে।
৯। পূর্বজ্ঞান ও নতুন জ্ঞানের সমন্বয়: শিক্ষার্থী তার পূর্বে অর্জিত জ্ঞানের সঙ্গে নতুন অভিজ্ঞতার যোগসূত্র তৈরি করে। ফলে নতুন জ্ঞান আরও অর্থপূর্ণ ও স্থায়ী হয়।
১০। স্বনির্ভর চিন্তার বিকাশ: উদ্ভাবনমূলক শিখনে শিক্ষার্থী অন্যের দেওয়া উত্তর মুখস্থ না করে নিজে চিন্তা করে সিদ্ধান্তে পৌঁছায়। এর ফলে তার স্বনির্ভর চিন্তাশক্তি গড়ে ওঠে।
ব্রুনারের তত্ত্বের শিক্ষাগত নিহিতার্থ
১। শিক্ষার্থীকে সক্রিয় করা: ব্রুনারের মতে, শিক্ষার্থীকে শিখন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দিতে হবে। শুধু শিক্ষকের বক্তব্য শোনা নয়, শিক্ষার্থীকে নিজে অনুসন্ধান ও আবিষ্কারের সুযোগ দিতে হবে।
২। শিক্ষক হবেন পথপ্রদর্শক: এই তত্ত্বে শিক্ষক শুধুমাত্র জ্ঞান প্রদানকারী নন। শিক্ষক শিক্ষার্থীর সামনে সমস্যা ও প্রয়োজনীয় উপকরণ উপস্থাপন করবেন এবং প্রয়োজনমতো ইঙ্গিত দিয়ে তাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবেন।
৩। আবিষ্কারের সুযোগ: শিক্ষার্থীদের নিজেরা কোনো বিষয় আবিষ্কার করার সুযোগ দেওয়া প্রয়োজন। এতে তাদের কৌতূহল, চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পায়।
৪। সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষা: শিক্ষার্থীদের সামনে বিভিন্ন বাস্তব ও শিক্ষামূলক সমস্যা তুলে ধরে তার সমাধান করতে দেওয়া উচিত। এর ফলে তাদের যুক্তিবোধ ও সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পায়।
৫। জ্ঞানমূলক বিকাশ: উদ্ভাবনমূলক শিখনের মাধ্যমে শিক্ষার্থীর পর্যবেক্ষণ, চিন্তা, যুক্তি, বিশ্লেষণ, বিচার ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার বিকাশ ঘটে।
৬। পূর্বজ্ঞানকে গুরুত্ব দেওয়া: নতুন বিষয় শেখানোর সময় শিক্ষার্থীর পূর্বজ্ঞানকে কাজে লাগানো প্রয়োজন। পূর্বজ্ঞান ও নতুন জ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপন করলে শিখন সহজ ও অর্থপূর্ণ হয়।
৭। সরল থেকে জটিল: শিক্ষণীয় বিষয়বস্তুকে এমনভাবে সাজানো প্রয়োজন যাতে শিক্ষার্থী ধীরে ধীরে সরল বিষয় থেকে জটিল বিষয়ের দিকে এগিয়ে যেতে পারে।
৮। অনুসন্ধানমূলক শিক্ষাপদ্ধতি: প্রশ্নোত্তর, পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা, অনুসন্ধান ও সমস্যা সমাধানের মতো পদ্ধতির সাহায্যে শিক্ষাদান করা উচিত। এতে শিক্ষার্থী নিজে বিষয়টি বুঝতে পারে।
৯। শিক্ষাসহায়ক উপকরণের ব্যবহার: শিক্ষার্থীর বয়স ও মানসিক বিকাশের স্তর অনুযায়ী বিভিন্ন শিক্ষাসহায়ক উপকরণ ব্যবহার করা প্রয়োজন। বাস্তব বস্তু, ছবি, মডেল ও অন্যান্য উপকরণের সাহায্যে শিক্ষার্থী সহজে বিষয়টি উপলব্ধি করতে পারে।
১০। অনুপ্রেরণা সৃষ্টি: শিক্ষার্থীর মধ্যে জানার আগ্রহ ও কৌতূহল সৃষ্টি করা প্রয়োজন। শিক্ষক এমন পরিবেশ তৈরি করবেন যাতে শিক্ষার্থী নিজে থেকে কোনো বিষয় জানতে ও আবিষ্কার করতে আগ্রহী হয়।
উপসংহার
সুতরাং, ব্রুনারের উদ্ভাবনমূলক শিখন তত্ত্বে শিক্ষার্থীকে শিখনের কেন্দ্রীয় ও সক্রিয় ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। পর্যবেক্ষণ, অনুসন্ধান, শ্রেণিবিন্যাস, সম্পর্ক স্থাপন, যুক্তি প্রয়োগ, সমস্যা সমাধান ও আবিষ্কারের মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞানমূলক চিন্তার বিকাশ ঘটে। তাই শিক্ষাক্ষেত্রে এমন পরিবেশ তৈরি করা প্রয়োজন যেখানে শিক্ষার্থী শুধু তথ্য মুখস্থ না করে নিজে চিন্তা করবে, অনুসন্ধান করবে এবং জ্ঞান আবিষ্কার করবে।
শিখন কৌশল (দ্বিতীয় অধ্যায়) সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (মান ২)
১. অপারেন্ট অনুবর্তন বলতে কী বোঝো?
যে অনুবর্তন প্রক্রিয়ায় কোনো ব্যক্তির সক্রিয় আচরণের পরে শক্তিদায়ক উদ্দীপক প্রদান করে সেই আচরণের পুনরাবৃত্তির সম্ভাবনা বৃদ্ধি করা হয়, তাকে অপারেন্ট অনুবর্তন বলে।
২. থর্নডাইকের দেওয়া ফললাভের সূত্রটি লেখো।
থর্নডাইকের ফললাভের সূত্র অনুযায়ী, কোনো আচরণের পরে যদি সন্তোষজনক ফল লাভ হয়, তবে সেই আচরণ ও উদ্দীপকের মধ্যে সংযোগ দৃঢ় হয় এবং ভবিষ্যতে সেই আচরণের পুনরাবৃত্তির সম্ভাবনা বৃদ্ধি পায়।
৩. ‘গেস্টাল্ট’ কথাটির অর্থ কী? এটি কোন্ ভাষার শব্দ?
‘গেস্টাল্ট’ কথাটির অর্থ হল আকৃতি, সংগঠন বা সমগ্র রূপ। এটি একটি জার্মান ভাষার শব্দ।
৪. প্রাচীন অনুবর্তনের সাংগঠনিক রূপটি লেখো।
প্রাচীন অনুবর্তনের সাংগঠনিক রূপ হল—
শর্তহীন উদ্দীপক (UCS) → শর্তহীন প্রতিক্রিয়া (UCR)
শর্তাধীন উদ্দীপক (CS) + শর্তহীন উদ্দীপক (UCS) → শর্তহীন প্রতিক্রিয়া (UCR)
শর্তাধীন উদ্দীপক (CS) → শর্তাধীন প্রতিক্রিয়া (CR)
৫. অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা কে? প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক কে? তাঁর প্রবর্তিত ‘সক্রিয় অনুবর্তন’টি কোন্ ধরনের অনুবর্তন?
অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন বি. এফ. স্কিনার। প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক হলেন আইভান প্যাভলভ। প্যাভলভের প্রবর্তিত সক্রিয় অনুবর্তন আসলে প্রাচীন বা শাস্ত্রীয় অনুবর্তন।
৬. পাজল বক্স কী?
থর্নডাইক বিড়ালের প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন পরীক্ষা করার জন্য যে বিশেষ বাক্স ব্যবহার করেছিলেন, তাকে পাজল বক্স বলে। এর ভিতরে থাকা প্রাণীকে একটি নির্দিষ্ট উপায়ে বাক্স থেকে বের হতে হতো।
৭. গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি কী? যেকোনো দুজন গেস্টাল্ট মনোবিদের নাম লেখো।
গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি হল সমগ্রতা বা সামগ্রিকতা। এই মতবাদ অনুযায়ী, সমগ্র বিষয় তার অংশগুলির যোগফলের চেয়ে বেশি অর্থবহ।
দুজন গেস্টাল্ট মনোবিদ হলেন—ম্যাক্স ওয়ের্থাইমার এবং উলফগ্যাং কোহলার।
৮. টাইম কার্ড কী?
অপারেন্ট অনুবর্তনে কোনো আচরণ বা প্রতিক্রিয়ার সময়, সংখ্যা ও স্থায়িত্ব নথিভুক্ত করার জন্য ব্যবহৃত কার্ডকে টাইম কার্ড বলে।
৯. অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কীসের দ্বারা? অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির ওপর কে পরীক্ষা করেন?
অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সমস্যার সামগ্রিক পরিস্থিতি অনুধাবন ও পুনর্গঠনের মাধ্যমে সম্ভব হয়। শিম্পাঞ্জির ওপর অন্তর্দৃষ্টিমূলক শিখনের পরীক্ষা করেন উলফগ্যাং কোহলার।
১০. থর্নডাইকের দেওয়া ব্যবহারের সূত্রটি লেখো।
ব্যবহারের সূত্র অনুযায়ী, কোনো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ যত বেশি ব্যবহৃত হয়, সেই সংযোগ তত বেশি দৃঢ় হয়।
১১. সক্রিয় আচরণ বলতে কী বোঝো?
যে আচরণ কোনো নির্দিষ্ট উদ্দীপকের দ্বারা স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টি না হয়ে ব্যক্তির নিজের সক্রিয় উদ্যোগে সম্পাদিত হয়, তাকে সক্রিয় আচরণ বা Operant Behaviour বলে।
১২. রেসপনডেন্ট আচরণ বলতে কী বোঝো?
যে আচরণ কোনো নির্দিষ্ট উদ্দীপকের উপস্থিতির ফলে স্বয়ংক্রিয় বা অনৈচ্ছিকভাবে সংঘটিত হয়, তাকে রেসপনডেন্ট আচরণ বলে। যেমন—খাবার দেখলে লালা নিঃসরণ।
১৩. সামাজিক শিখন তত্ত্বের স্তরগুলি কী কী?
সামাজিক শিখনের প্রধান স্তরগুলি হল—
১. মনোযোগ (Attention)
২. ধারণ বা সংরক্ষণ (Retention)
৩. পুনরুৎপাদন (Reproduction)
৪. প্রেরণা (Motivation)।
১৪. ZPD বলতে কী বোঝো?
ZPD-এর পূর্ণরূপ হল Zone of Proximal Development বা নিকটবর্তী বিকাশের ক্ষেত্র। এটি হল শিক্ষার্থীর বর্তমান সামর্থ্য এবং সহায়তা পেলে যে উচ্চতর কাজ করতে পারে—এই দুইয়ের মধ্যবর্তী ক্ষেত্র।
১৫. গেস্টাল্ট মতবাদ কী?
যে শিখন মতবাদে সমগ্র পরিস্থিতি বা গঠনকে শিখনের প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখনকে ব্যাখ্যা করা হয়, তাকে গেস্টাল্ট মতবাদ বলে।
১৬. অন্তর্দৃষ্টিমূলক শিখন কোন্ তত্ত্ব রূপে পরিচিত? অন্তর্দৃষ্টিমূলক শিখনের জনক কে?
অন্তর্দৃষ্টিমূলক শিখন গেস্টাল্ট তত্ত্ব নামে পরিচিত। অন্তর্দৃষ্টিমূলক শিখনের জনক হলেন উলফগ্যাং কোহলার।
১৭. ‘রেসপনডেন্ট’ বলতে কী বোঝো?
‘রেসপনডেন্ট’ বলতে এমন প্রতিক্রিয়াকে বোঝায়, যা কোনো নির্দিষ্ট উদ্দীপকের উপস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে সংঘটিত হয়।
১৮. স্কিনারের উল্লিখিত সিডিউলগুলির মধ্যে যে-কোনো দুটি সিডিউলের নাম উল্লেখ করো।
স্কিনারের দুটি শক্তিদান সিডিউল হল—
১. নির্দিষ্ট অনুপাত সিডিউল (Fixed Ratio)
২. পরিবর্তনশীল অনুপাত সিডিউল (Variable Ratio)।
১৯. স্কিনার কোন্ দুটি শ্রেণির আচরণের কথা বলেছেন?
স্কিনার আচরণকে প্রধানত দুটি শ্রেণিতে ভাগ করেছেন—
১. রেসপনডেন্ট আচরণ
২. অপারেন্ট আচরণ।
২০. থর্নডাইকের প্রস্তুতির সূত্রটির একটি শিক্ষামূলক প্রয়োগ লেখো।
শিক্ষার্থীর শেখার জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতি থাকা প্রয়োজন। তাই শিক্ষক শিক্ষার্থীর প্রস্তুতি, আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী পাঠদান করলে শিখন কার্যকর হয়।
২১. সক্রিয় অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখো।
সক্রিয় অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য হল—
১. এটি ব্যক্তির সক্রিয় আচরণের ওপর নির্ভরশীল।
২. আচরণের পরে শক্তিদান বা ফলাফল প্রদান করে সেই আচরণের পুনরাবৃত্তি বৃদ্ধি করা হয়।
২২. শ্রেণিকক্ষে থর্নডাইকের ফললাভের সূত্রের একটি প্রয়োগ দেখাও।
শিক্ষার্থী সঠিক উত্তর দিলে শিক্ষক যদি প্রশংসা, নম্বর বা পুরস্কার দেন, তাহলে শিক্ষার্থী ভবিষ্যতে সঠিক উত্তর দেওয়ার জন্য আরও উৎসাহিত হয়। এটি ফললাভের সূত্রের শ্রেণিকক্ষের একটি প্রয়োগ।
২৩. অনুবর্তনের দুটি শিক্ষামূলক তাৎপর্য লেখো।
১. অনুবর্তনের সাহায্যে শিক্ষার্থীর মধ্যে কাঙ্ক্ষিত আচরণ ও সু-অভ্যাস গড়ে তোলা যায়।
২. অনভিপ্রেত আচরণ দূর করে শৃঙ্খলাবোধ ও উপযুক্ত আচরণ গড়ে তোলা যায়।
২৪. থর্নডাইক প্রবর্তিত শিখন তত্ত্বের নাম লেখো। থর্নডাইকের শিখন তত্ত্বে মুখ্য সূত্রের সংখ্যা কয়টি?
থর্নডাইক প্রবর্তিত শিখন তত্ত্বের নাম প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন তত্ত্ব বা Trial and Error Theory। তাঁর শিখন তত্ত্বে মুখ্য সূত্রের সংখ্যা তিনটি—প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র এবং ফললাভের সূত্র।
২৫. অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখো।
১. অনুবর্তন হল উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে শিখন।
২. অনুবর্তনের মাধ্যমে নতুন আচরণ বা প্রতিক্রিয়া অর্জন করা সম্ভব হয়।
২৬. যদি কোনো শক্তিদায়ক উদ্দীপক একটি অপারেন্টকে অনুসরণ করে, তবে সেই অপারেন্টের কী পরিবর্তন হয়? প্রোগ্রাম শিখন কার প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ?
শক্তিদায়ক উদ্দীপক কোনো অপারেন্টকে অনুসরণ করলে সেই অপারেন্টের পুনরাবৃত্তির সম্ভাবনা বৃদ্ধি পায়। প্রোগ্রাম শিখন হল স্কিনারের অপারেন্ট অনুবর্তন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ।
২৭. শিখনের যে-কোনো দুটি কৌশল উল্লেখ করো। কোন্ প্রকার শিখন কৌশল সু-অভ্যাস গঠনে সহায়তা করে?
শিখনের দুটি কৌশল হল—
১. প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন
২. অন্তর্দৃষ্টিমূলক শিখন।
অপারেন্ট অনুবর্তনমূলক শিখন কৌশল সু-অভ্যাস গঠনে সহায়তা করে।
২৮. থর্নডাইকের অনুশীলনের সূত্রটি ব্যাখ্যা করো।
থর্নডাইকের অনুশীলনের সূত্র অনুযায়ী, কোনো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ বারবার অনুশীলন করলে তা দৃঢ় হয় এবং অনুশীলনের অভাবে সেই সংযোগ দুর্বল হয়। তাই নিয়মিত অনুশীলন শিখনকে স্থায়ী ও কার্যকর করে।
২৯. শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের দুটি প্রয়োগ উল্লেখ করো।
১. শিক্ষার্থীর সঠিক আচরণের জন্য প্রশংসা, পুরস্কার বা নম্বর দিয়ে কাঙ্ক্ষিত আচরণ বৃদ্ধি করা।
২. প্রোগ্রামযুক্ত শিখন ও শিক্ষণযন্ত্রের মাধ্যমে ধাপে ধাপে শিখন পরিচালনা করা।
৩০. R-Type অনুবর্তনটির নামকরণ কে করেছেন? তাঁর প্রবর্তিত অনুবর্তন কী নির্ভর?
বি. এফ. স্কিনার R-Type অনুবর্তনটির নামকরণ করেছেন। তাঁর প্রবর্তিত অনুবর্তন প্রতিক্রিয়ার ফল বা শক্তিদানের ওপর নির্ভরশীল।
৩১. ‘অপারেন্ট’ বলতে কী বোঝো?
‘অপারেন্ট’ বলতে এমন সক্রিয় আচরণ বা প্রতিক্রিয়াকে বোঝায়, যা পরিবেশের ওপর ক্রিয়া করে এবং যার পরিণতি ভবিষ্যতে সেই আচরণের পুনরাবৃত্তিকে প্রভাবিত করে।
৩২. অপানুবর্তন কী?
কোনো শর্তাধীন উদ্দীপককে বারবার উপস্থাপন করেও যদি তার সঙ্গে সম্পর্কিত শর্তাধীন প্রতিক্রিয়া ধীরে ধীরে হ্রাস পেয়ে বিলুপ্ত হয়, তাকে অপানুবর্তন (Extinction) বলে।
৩৩. ‘প্রচেষ্টা ও ভ্রান্তির’ শিখন কৌশল তত্ত্বের অপর নাম কী? ‘প্রচেষ্টা ও ভুল’ শিখন তত্ত্বের প্রবক্তা কে?
‘প্রচেষ্টা ও ভ্রান্তির’ শিখন তত্ত্বের অপর নাম Trial and Error Learning Theory বা প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন তত্ত্ব। এই তত্ত্বের প্রবক্তা হলেন এডওয়ার্ড এল. থর্নডাইক।
৩৪. প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে কোন্ Type অনুবর্তন বলা হয়?
প্যাভলভের প্রাচীন বা শাস্ত্রীয় অনুবর্তনকে S-Type অনুবর্তন বলা হয়।
| আরও পড়ুন | প্রয়োজনে |
|---|---|
| স্বাধীনতার পরবর্তী গুরুত্বপূর্ণ কমিশনসমূহ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 12 তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রথম অধ্যায় | Click here |
| শিখন এবং শিখন কৌশল প্রশ্ন উত্তর | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রথম অধ্যায় | Click here |
| শিখন (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান | Click here |
| আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা MCQ প্রশ্ন ও উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান | Click here |
Our Latest Products
উচ্চমাধ্যমিক
All Subject দেখুন →
উচ্চমাধ্যমিক ৪র্থ সেম বাংলা সাজেশন
উচ্চমাধ্যমিক English সাজেশন
উচ্চমাধ্যমিক ৪র্থ সেম ইতিহাস সাজেশন
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন
উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন
উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন
উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন
উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন
একাদশ শ্রেণি
All Subject দেখুন →
একাদশ শ্রেণি বাংলা সাজেশন
একাদশ শ্রেণি ইতিহাস সাজেশন
একাদশ শ্রেণি দর্শন সাজেশন
একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন
একাদশ শ্রেণি ভূগোল সাজেশন
একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান সাজেশন